শেষ ম্যাচে হেরে পাকিস্তানের কাছে সিরিজ খোয়ালো বাংলাদেশ

শেষ ম্যাচে হেরে পাকিস্তানের কাছে সিরিজ খোয়ালো বাংলাদেশ

হার দিয়ে সিরিজ শুরু করলেও টানা দুই ম্যাচ জিতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী ক্রিকেট দল। তবে শেষ দুই ম্যাচে পরাজয়ে পাকিস্তান অনূর্ধ্ব–১৯ নারী দলের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের।

কক্সবাজারে শুক্রবার অনুষ্ঠিত শেষ টি–টোয়েন্টিতে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ৩–২ ব্যবধানে সিরিজ জিতে নেয় পাকিস্তান অনূর্ধ্ব–১৯ নারী দল।

প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ ১৯.১ ওভারে মাত্র ৮৪ রানে অলআউট হয়ে যায়। জবাবে পাকিস্তান ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ইমান নাসিরের উইকেট হারায় পাকিস্তান। দ্বিতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা হলেও বাংলাদেশের বোলাররা তা বড় হতে দেননি। তৃতীয় ওভারে রান আউট হয়ে ফিরেন রাহিমা সৈয়দ। দুইটি চারে ভালো শুরু পেলেও তিনি ৮ বলে ১০ রান করে আউট হন।

এরপর কমল খান ও আকশা হাবিব দায়িত্ব নিয়ে খেলতে থাকেন। দলীয় ৫৩ রানে ফারজানা ইয়াসমিন মেধা আকশাকে ৩২ বলে ২১ রানে ফিরিয়ে জুটি ভাঙেন। কিছুক্ষণ পর ৪৬ বলে ২৫ রান করা কমল খানও আউট হন। তবে ফিজা ফিয়াজের ১৮ ও আরিশা আনসারির ৭ রানের অবদানে পাকিস্তানের জয় নিশ্চিত হয়।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। সুমাইয়া আক্তার সুবর্ণা, মাইমুনা নাহার, অচেনা জান্নাত, সাদিয়া ইসলাম ও ফারজানা মেধাসহ শীর্ষ ব্যাটাররা ব্যর্থ হন। শেষ পর্যন্ত সাদিয়া আক্তারের ৩০ বলে ২৮ রানের ইনিংসে ভর করে কোনোমতে ৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।

পাকিস্তানের হয়ে বারিরাহ সাইফ তিনটি উইকেট শিকার করেন।

সর্বশেষ সংবাদ