২ কোটি রুপি বেতন কমতে পারে রোহিত–কোহলির, ২ কোটি বাড়তে পারে গিলের

২ কোটি রুপি বেতন কমতে পারে রোহিত–কোহলির, ২ কোটি বাড়তে পারে গিলের

বিসিসিআইয়ের শীর্ষ পরিষদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সেখানে বিরাট কোহলি ও রোহিত শর্মার কেন্দ্রীয় চুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম।

পিটিআইয়ের তথ্য অনুযায়ী, ৩২তম এজিএম অনলাইনে অনুষ্ঠিত হবে। সভায় বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা কোহলি–রোহিতের নতুন চুক্তি নিয়ে সিদ্ধান্ত নেবেন। ভারতীয় মিডিয়ার দাবি, এবার কেন্দ্রীয় চুক্তিতে তাঁদের এক ধাপ নিচে নামানো হতে পারে। দুজনই টেস্ট ও টি–টোয়েন্টি থেকে অবসর নিয়ে বর্তমানে শুধু ওয়ানডে খেলছেন।

২০২৪–২৫ চক্রের (১ অক্টোবর ২০২৪—২০ সেপ্টেম্বর ২০২৫) কেন্দ্রীয় চুক্তিতে যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজার সঙ্গে এ প্লাস ক্যাটাগরিতে ছিলেন রোহিত–কোহলি। গত জুনে টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে শিরোপা জেতানোর পর তাঁরা এই ফরম্যাট থেকে অবসর নেন এবং গত মে মাসে বিদায় জানান টেস্ট ক্রিকেটকেও।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নতুন চুক্তিতে তাঁরা আগের মতোই এ প্লাস ক্যাটাগরিতে থাকবেন নাকি এ ক্যাটাগরিতে নামিয়ে আনা হবে—তা এখনো নিশ্চিত নয়। গতবার তাঁদের এ প্লাসে রাখা হয়েছিল টেস্ট দলে অংশগ্রহণ ও অতীতের পারফরম্যান্সের ভিত্তিতে।

যদি এ বার কোহলি–রোহিতকে এ ক্যাটাগরিতে রাখা হয়, তাহলে তাঁদের বার্ষিক বেতন কমে যাবে ২ কোটি রুপি। বর্তমান নিয়ম অনুযায়ী, এ প্লাস ক্যাটাগরির বেতন ৭ কোটি রুপি, এ ক্যাটাগরির ৫ কোটি, বি ক্যাটাগরির ৩ কোটি ও সি ক্যাটাগরির ১ কোটি রুপি।

৩৮ বছর বয়সী রোহিত ও ৩৭ বছর বয়সী কোহলি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। কোহলি ৩ ইনিংসে ২ সেঞ্চুরি ও ১ ফিফটিতে ৩০২ রান করেছেন। রোহিত করেছেন ২ ফিফটিতে ১৪৬ রান।

পিটিআই আরও জানিয়েছে, ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুবমান গিলকে নতুন চুক্তিতে এক ধাপ উন্নীত করে এ প্লাস ক্যাটাগরিতে নেওয়া হতে পারে। গত চক্রে তিনি ছিলেন এ ক্যাটাগরিতে। এ প্লাসে উঠলে তাঁর বার্ষিক বেতন ২ কোটি রুপি বাড়বে।

বিসিসিআইয়ের প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের পর এটিই হবে শীর্ষ পরিষদের প্রথম এজিএম। গত সেপ্টেম্বরে মিঠুন মানহাস বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নেন, রঘুরাম ভাট হন কোষাধ্যক্ষ, আর দেবজিৎ সাইকিয়া ও প্রভতেজ সিং ভাটিয়া যথাক্রমে সচিব ও যুগ্ম সচিব পদে নিয়োগ পান।

সর্বশেষ সংবাদ